শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে ঢুকে এক অফিস সহকারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কর্মচারী নড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী মো. তৌফিকুল ইসলাম জানান, গত ২ জুলাই দুপুর ২টার দিকে তিনি এলজিইডি অফিসে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মতিউর রহমান সাগর অফিসে প্রবেশ করে উপজেলা প্রকৌশলীর খোঁজ করেন। প্রকৌশলী না থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করতে থাকেন। প্রতিবাদ করায় তিনি তৌফিকুলের ওপর চড়াও হন এবং মারধর করেন।
মতিউর রহমান সাগর অভিযোগ করেন, তিনি অফিসে গিয়ে মারধরের ঘটনা ঘটাননি এবং গত ছয় মাসে তিনি উপজেলা কার্যালয়ে যাননি। তিনি দাবি করেন, নড়িয়া থানার ওসির বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এলজিইডি কার্যালয়ে মারধর ও হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 























