আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এই আবহাওয়া পরিস্থিতি আগামী ১২০ ঘণ্টা বা ৫ দিন স্থায়ী থাকতে পারে।
শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু স্থানে এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার (০৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার (০৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (০৬ জুলাই) এবং মঙ্গলবার (০৭ জুলাই)ও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের পরেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
অনলাইন ডেক্স 























