গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান জানান, তিনি নিহত তৌফিকের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তৌফিকের স্ত্রী ও বড় ভাই কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘দুটি এতিম ভাই বড় কষ্টে বড় হয়েছিল। একই গার্মেন্টসে চাকরি করত। কিন্তু ভাইটিকে হারিয়ে ফেলেছে।’
তিনি আরও জানান, তৌফিকের সদ্য বিধবা স্ত্রী গার্মেন্টসে চাকরি করতেন, তবে একমাত্র সন্তানের জন্মের পর চাকরি ছেড়ে দেন। বর্তমানে তারা স্বামীর চাচার ছোট্ট একটি ঘরে আশ্রয় নিয়েছেন।
জামায়াত আমির বলেন, ‘আমরা তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই। গরিবের বিচার পাওয়ার সুযোগ কতটা আছে তা জানি না, তবে আমরা বিচার চাইব।’ তিনি পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ফোনালাপকালে জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম এমপি, সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা শোকসন্তপ্ত পরিবারটির খোঁজখবর নিতে সেখানে যান।
অনলাইন ডেক্স 























