রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা হেনস্তার শিকার হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে থাকা একজন ব্যক্তি এক দোকানির কাছ থেকে দেড় হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকাটি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ব্যবসায়ীরা।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ডিএনসিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ম্যাজিস্ট্রেট ফুটপাত উচ্ছেদে অভিযান চালাতে গিয়েছিলেন এবং জরিমানার রসিদ নিয়ে দোকানিদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, তিনি বিষয়টি জানেন এবং ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন। অতীশ দর্শী চাকমা ডিএনসিসির স্থায়ী ম্যাজিস্ট্রেট নন, তিনি তিন মাসের জন্য নিয়োগপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট।
অনলাইন ডেক্স 
























