সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে সাংবাদিক ও লেখক আনিসুর বুলবুলের বই ‘সাংবাদিকের এআই’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে লাবিবায়ান এবং প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে অক্টোবর ২০২৬-এ। বইটির মূল্য ৬৭০ টাকা।
বইটিতে সাংবাদিকতার প্রতিদিনের কাজে এআই কীভাবে ব্যবহার করা যায়, সেই সম্পর্কে ব্যবহারিক উদাহরণ ও নির্দেশনা দেওয়া হয়েছে। ৫০টি অধ্যায়ে সাজানো এই বইয়ে সংবাদ পরিকল্পনা, তথ্য অনুসন্ধান, গবেষণা, সাক্ষাৎকারের প্রস্তুতি, সরকারি নথি বিশ্লেষণ, ডেটা সাংবাদিকতা, সংবাদ লেখা ও সম্পাদনা, তথ্য যাচাই এবং অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল আলোচনা করা হয়েছে।
এছাড়া, ভাইরাল ছবি, ভিডিও, অডিও শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল সূত্র অনুসন্ধান এবং নিউজরুম পরিচালনার ক্ষেত্রে এআইয়ের ব্যবহার নিয়ে পৃথক অধ্যায় রয়েছে। বইটিতে এআই ব্যবহারের ঝুঁকি ও নৈতিকতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
লেখক আনিসুর বুলবুল বলেন, এআই সাংবাদিকতার কাজের গতি ও দক্ষতা বাড়াতে পারে, তবে সত্য যাচাই ও প্রকাশিত সংবাদের দায়বদ্ধতা প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যায় না। এই উপলব্ধি থেকেই বইটি লেখার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবহারকারীদের জন্য এআইয়ের মৌলিক ধারণার পাশাপাশি অভিজ্ঞ সাংবাদিকদের জন্য বিভিন্ন কৌশল তুলে ধরা হয়েছে। বইটি অনলাইন পরিবেশক রকমারিতে এবং ২৫% ছাড়ে প্রকাশকের ওয়েবসাইট labibayan.com-এ পাওয়া যাবে।
অনলাইন ডেক্স 

























