মাগুরার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন হত্যা এবং ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শাকের হোসেন হত্যা ও সোনা ডাকাতির পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে, একই মামলায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গত ২১ অক্টোবর মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাসটার্মিনালে গুলিতে নিহত হন শাকের হোসেন (৩৯)। তার স্ত্রীর করা হত্যা মামলায় মারুফসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য গ্রেপ্তাররা হলেন- রনি শিকদার, শামীমা তাবাসসুম ও স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার।
গত ৬ অক্টোবর মাগুরা সদর উপজেলার রামনগর বাজার এলাকায় পুলিশ পরিচয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৮ অক্টোবর রাতে মামলা করেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা মো. মজিবর রহমান। মামলার অভিযোগে বলা হয়, ঢাকার তাঁতীবাজার থেকে সোনা নিয়ে যাওয়ার পথে একদল ব্যক্তি তাকে মারধর করে স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় করা ডাকাতির মামলায় মারুফ ছাড়াও ফরিদ মণ্ডল, মো. জুয়েল হোসেন ও তৌকির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনার সঙ্গে শাকের হোসেন হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
অনলাইন ডেক্স 
























