জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে জনগণ দুটি ভোট দিয়েছিল, তার একটিতে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে। তিনি শনিবার (৩১ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছেন, কিন্তু সরকার সেই রায়কে অপমান করেছে এবং এখনও বাস্তবায়ন করেনি। তিনি বলেন, দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান না এবং ১১ দলের ৭ দফা যেকোনো সময় একদফায় রূপান্তরিত হতে পারে।
তিনি আরও বলেন, ‘যদি সাত দফা মেনে নেন, তাহলে এক দফার পাথর চাপবে না। কিন্তু যদি তারা ভালোভাবে না মানেন, তাহলে এক দফার পাথরের নিচে পিষ্ঠ হয়ে যাবেন।’ তিনি জনগণের অধিকার রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার যদি আমাদের গণভোটের গণরায় মেনে নেন তাহলে পরবর্তীতে আর লংমার্চের ডাক দেব না। কিন্তু যদি গণভোটের গণরায় না মানেন, তাহলে আমরা আবারও আন্দোলনে নামবো।’
লংমার্চের পথসভায় এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বিশেষ অতিথির বক্তব্যে বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা দেশকে একদলীয় শাসনে নিয়ে এসেছে। সভা শেষে লংমার্চের বহর রাত ১০টার দিকে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা করে।
অনলাইন ডেক্স 


















