রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীর ঐতিহাসিক খেতুরীধামে শুরু হয়েছে সনাতন বৈষ্ণব ধর্মের মহান সাধক ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিবাস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মহোৎসবকে কেন্দ্র করে পদ্মাপাড়ের খেতুরীধাম পরিণত হয়েছে দেশ-বিদেশের ভক্ত সাধুদের মিলনমেলায়।
দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের পদচারণা, হরিনাম সংকীর্তন, ভজন, আরতি ও প্রার্থনায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। একইসঙ্গে জমে উঠেছে ঐতিহ্যবাহী খেতুরীধামের মেলা। শত বছরের ঐতিহ্য বহনকারী এ মহোৎসব উপলক্ষে কয়েক দিন আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসতে শুরু করেন।
বৃহস্পতিবার সকাল থেকেই বাস, মাইক্রোবাস, ভ্যানসহ বিভিন্ন যানবাহনে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভক্তদের আগমন বাড়তে থাকে। মন্দির প্রাঙ্গণের পাশাপাশি সড়কের দুই পাশে বসেছে নানা ধরনের দোকানপাট। ধর্মীয় উপকরণ, পোশাক, খাবার, গৃহস্থালি সামগ্রী, কারুশিল্প এবং কামার কুমারের তৈরি মৃৎ ও লৌহজাত পণ্যের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, বাংলা কার্তিক মাসের প্রথম তিন দিন নানা ধর্মীয় আচার নাম প্রার্থনা ও সংকীর্তনের মধ্য দিয়ে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব উদযাপিত হয়। উৎসবের দ্বিতীয় দিনে ভোর থেকে মঙ্গল আরতি, হরিনাম সংকীর্তনসহ খেতুরীধাম পরিক্রমা দর্শন আরতি ও শ্রীল প্রভুপাদ গুরুপূজা অনুষ্ঠিত হয়।
মহোৎসবকে কেন্দ্র করে বসা ঐতিহ্যবাহী মেলায় ধর্মীয় উপকরণের পাশাপাশি মিলছে বাহারি খাবার পোশাক গৃহস্থালি সামগ্রী ও বিভিন্ন ধরনের হস্তশিল্প। আয়োজকদের মতে, খেতুরীধামের এ মহোৎসব কেবল সনাতন বৈষ্ণব ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন নয়, এটি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলনক্ষেত্র।
অনলাইন ডেক্স 

























