বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন যে, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা করছে। তিনি শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১১ দলীয় জোটের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা বন্ধ না করা হয়, তাহলে জনগণ সরকারকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। তিনি সকলকে প্রস্তুত থাকতে বলেন এবং সময়মতো ডাক আসবে বলে উল্লেখ করেন।
তিনি জুলাই বিপ্লবের অধিকার আদায়ের প্রসঙ্গে বলেন, সারা বাংলাদেশ থেকে জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। মামুনুল হক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভায় গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবি তুলে ধরা হয়।
পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নাওডোবা এলাকায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখানে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য নেতারা।
অনলাইন ডেক্স 
























