রাজধানীর বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হানিফের বিরুদ্ধে গভীর রাতে এক নারীর বাসায় অনুমতি ছাড়া প্রবেশ, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী রাবেয়া আক্তার (৩৫) দাবি করেছেন, তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি।
রাবেয়া আক্তার ১৭ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করে নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার একটি বাসায় সাবলেট হিসেবে বসবাস করেন।
লিখিত অভিযোগে রাবেয়া জানান, ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এসআই হানিফসহ কয়েকজন ব্যক্তি সিভিল পোশাকে তার বাসায় প্রবেশের চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, বাসার গেট খুলতে দেরি হওয়ায় এসআই হানিফ দরজায় লাথি মারেন, যার ফলে বাসার শিশুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
রাবেয়ার দাবি, অভিযুক্তরা জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন এবং নগদ ৬ হাজার টাকা, আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি ব্লুটুথ স্পিকার নিয়ে যান। এছাড়া, এসআই হানিফ তাকে গ্রেপ্তার করার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে এসআই হানিফ বলেন, তিনি ওই এলাকায় ডিউটি করছিলেন এবং অভিযোগের সত্যতা অস্বীকার করেন। বাড্ডা থানার অফিসার ইনচার্জ কাজী মো. নাসিরুল আমিন জানান, তিনি অভিযোগের বিষয়ে অবগত নন।
অনলাইন ডেক্স 

























