বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, চলতি বছর এক লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের ৬০ লাখ আনসার সদস্যকে লক্ষ্য করে দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
এ সময় সিঙ্গাপুর, মালদ্বীপ, মরক্কোসহ চারটি দেশের রাষ্ট্রদূত আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে তাঁদের স্বাগত জানান মহাপরিচালক। রাষ্ট্রদূতরা আনসার সদস্যদের কারিগরি দক্ষতা ও প্রশিক্ষণের মান সরেজমিনে পরিদর্শন করেন।
মহাপরিচালক আরও বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের চাহিদা, বেতন কাঠামো এবং কর্মপরিবেশ যাচাই-বাছাই করা হবে। এ লক্ষ্যে জনশক্তি রপ্তানির পরিধি বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে।
অনলাইন ডেক্স 























