শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চার নেতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন ছৈয়ালের বিরুদ্ধে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ নড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে তাদের ওপর হামলা চালানো হয়। আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নোমান চোকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ খান, যুগ্ম আহ্বায়ক তাজুল সিকদার এবং পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রাজিব। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, নোমান চোকদার ও মাসুদ খানকে জরুরি কথা বলার জন্য সালাউদ্দিন ছৈয়াল ডেকে নেন। নামাজ পড়তে যাওয়ার সময় সালাউদ্দিন তাদের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। এরপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা।
সালাউদ্দিন ছৈয়াল অভিযোগ অস্বীকার করে বলেন, মাসুদ খান ও নোমান চোকদার তার কাছ থেকে ৪৪ লাখ টাকা নেন ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য। টাকা পরিশোধের বিষয়ে বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে কাউকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























