গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছয় বছরের শিশুকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পুলিশ শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে ঘটনার দিনই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর হোসেন জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর পুলিশ রুমির খোঁজে অভিযান চালাচ্ছে।
এদিকে, রুমি সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে তিনি মাদ্রাসার বিরুদ্ধে নন এবং তার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার চান। তিনি বলেন, ‘আমি আমার সন্তানের বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়।’
শিশুটির বাবা জানান, বিকেলে তিনি জানতে পেরেছেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আইন অনুযায়ী শাস্তি হলে তিনি তা মেনে নেবেন, তবে তার সন্তানের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অনলাইন ডেক্স 























