জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস আজ রোববার সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠন, দুই দেশের বিনিয়োগ বৃদ্ধি, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্পিকার বলেন, সুইডেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, সুইডেনের পার্লামেন্ট ব্যবস্থা একটি এককক্ষবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা, যা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে।
স্পিকার আরও বলেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন উভয় দেশের সংসদীয় গণতন্ত্রের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বাংলাদেশের জনগণের গণতন্ত্রপ্রিয়তার কথা উল্লেখ করে বলেন, দেশের জনগণ গণতন্ত্রের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে কখনো কুণ্ঠাবোধ করেননি।
নিকোলাস উইকস বলেন, সুইডেনের পার্লামেন্টে মোট ৩৪৯টি আসন রয়েছে এবং সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তিনি সুইডেনের সাংবিধানিক রাজতন্ত্রের বিষয়েও কথা বলেন, যেখানে রাষ্ট্র পরিচালনার সব ক্ষমতা পার্লামেন্ট ও সরকারের হাতে থাকে।
বৈঠকে উভয় পক্ষ সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠনের ওপর গুরুত্বারোপ করে এবং দুই দেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতিসহ বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন। স্পিকার রাষ্ট্রদূতকে চলমান সংবিধান সংস্কার কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বঙ্গোপসাগরের উপকূলে মজুত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে আমন্ত্রণ জানান।
বৈঠকে সুইডিশ দূতাবাসের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























