সৌদি আরবের চারটি অঞ্চলে ভারি বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) এই সতর্কতা প্রকাশ করে। বজ্রসহ বৃষ্টির কারণে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে।
রেড অ্যালার্টের আওতায় রয়েছে জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশ। এসব এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাসও বয়ে যেতে পারে, যা ধুলিঝড় সৃষ্টি করতে সক্ষম।
এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই অস্থিতিশীল আবহাওয়া চারটি অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় প্রভাব ফেলতে পারে। ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে গেছে।
এছাড়া, জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশে এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে, যা দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে।
সৌদি আরবের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস, মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দক্ষিণ-পশ্চিমের পার্বত্য অঞ্চলে আবহাওয়া কিছুটা শীতল থাকবে, যেখানে আভাতে ২৫ ডিগ্রি এবং আল-বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
অনলাইন ডেক্স 























