চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এই জমি উদ্ধারের পর সেখানে সরকারি মালিকানার সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
উদ্ধার করা জমিতে পর্যটকদের সুবিধার্থে একটি আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের।
গত ২৮ সেপ্টেম্বর পারকি সৈকতের পার্কিং এলাকার আশপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার করা জমি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এরফান অবৈধভাবে দখল করে মাছ চাষ করে আসছিলেন।
এ বিষয়ে মো. আবু জাফর মজুমদার জানান, উদ্ধার করা জমিতে আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা পর্যটকদের জন্য সুবিধাজনক হবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই উদ্যোগের ফলে সৈকতের সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে।
অনলাইন ডেক্স 

























