যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তির নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। তিনি মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিন্দা জানান।
পোস্টে আনিসুল হক বলেন, "শান্তির নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে জেএফকে এয়ারপোর্টে ভারবাল আক্রমণের তীব্র নিন্দা জানাই।" তিনি উল্লেখ করেন, দেশের ভেতরে বিক্ষোভ করা উচিত এবং দেশের গণ্ডগোল বা রাজনীতি বিদেশে কূটনৈতিকভাবে মোকাবেলা করা উচিত।
গত ১২ অক্টোবর নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা অধ্যাপক ইউনূসকে ঘিরে কিছু প্রবাসী বাংলাদেশি মৌখিক হেনস্তা করেন। ভিডিওতে দেখা যায়, তাকে উদ্দেশ্য করে 'terrorist' ও 'গণতন্ত্র ধ্বংস' ইত্যাদি অভিযোগে চিৎকার করা হচ্ছে। ইউনূস দোহা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে এসেছিলেন।
জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার জানান, বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। তিনি বলেন, "ড. ইউনূসের নিউইয়র্কে আসার খবর আগে থেকেই আমাদের জানা ছিল। তাকে প্রশ্নের মুখোমুখি করতে এবং বাংলাদেশের বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা বিমানবন্দরে গিয়েছিলাম।"
অনলাইন ডেক্স 
























