চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ২৩ ঘণ্টারও বেশি সময় ধরে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন। গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীদের দেয়া তালার কারণে তিনি নিজ কার্যালয় থেকে বের হতে পারছেন না। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত তার অবরুদ্ধ অবস্থা অব্যাহত ছিল।
শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে এবং তারা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ভবনের ফটকের তালা খুলবেন না। আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দেয়ার পাশাপাশি ভবনটির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এতে উপাচার্যসহ ভবনের ভেতরে অবস্থান করা ১০ থেকে ১১ জন সমস্যায় পড়েছেন।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তার নিয়োগের পর থেকেই সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ২২ সেপ্টেম্বর থেকে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।
অবরুদ্ধ অবস্থায় রাত কাটাতে হয়েছে উপাচার্যকে। তিনি জানিয়েছেন, রাতে ঘুমাতে পারেননি এবং প্রচণ্ড মাথাব্যথা হচ্ছে। অবরুদ্ধ অবস্থার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন করার বিষয়ে তার আপত্তি নেই, তবে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেয়া অমানবিক।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। তাদের বক্তব্য, অধ্যাপক শেখ শরীফুল আলম পদত্যাগ করলেই তারা উপাচার্য ভবনের ফটকের তালা খুলে দেবেন। চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ জানিয়েছেন, নতুন উপাচার্য এভাবে ক্যাম্পাসে আসবেন, তা তারা ভাবেননি।
অনলাইন ডেক্স 
























