ঢাকার সাভারে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৯০টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে সোমবার (১২ অক্টোবর) রাত পর্যন্ত সাভার মডেল থানার বক্তারপুর মাঝিপাড়া, হেমায়েতপুর ও ইমান্দিপুর এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
ঢাকা জেলা ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি রোববার সন্ধ্যা ছয়টার দিকে বক্তারপুর মাঝিপাড়া এলাকায় পরিচালিত হয়। এ সময় নুর আলম (৩০) ও রাকিবুল ইসলাম (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়, যাদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
একই দিন রাত সাড়ে নয়টার দিকে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল গফুর (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
পরে সোমবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ইমান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তজিবুর রহমান (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
ডিবি পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ২৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার টাকা। গ্রেপ্তার তজিবুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 























