নীলফামারীতে মাদক মামলার আসামি সুজন ইসলামকে আদালতে নেওয়ার সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক ২০ জনসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মাদকবিরোধী অভিযানে নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সুজন ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার দুপুরে সুজন ইসলামকে আদালতে পাঠানোর জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নিয়ে যাওয়ার সময় তার স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে ছেড়ে দেওয়ার দাবিতে সেখানে জড়ো হন। এ সময় তারা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নীলফামারী সদর থানায় মামলা করা হয়েছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন বয়সের ৩৪ জন ব্যক্তি রয়েছেন।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং মোট ৩৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 























