রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পৌর শহরের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হন। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাতের কোনও একসময় দুর্বৃত্তরা কার্যালয়ের প্রবেশপথের কেঁচিগেটে আগুন ধরিয়ে দেয়। তারা দাবি করেন, কার্যালয়ের ভেতরেও কেরোসিন ছিটিয়ে রাখা হয়েছিল। আগুনে গেটের পাশাপাশি কার্যালয়ের কিছু ব্যানার ও লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, জেলা বিএনপির কার্যালয়টি পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়ার জন্য একটি মহল এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, তাদের ছেলেরা ও কেয়ারটেকার রাত ১টা পর্যন্ত কার্যালয়ে ছিলেন এবং পরে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি জানান, কেরোসিন দিয়ে আগুন লাগানোর প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান।
অনলাইন ডেক্স 

























