রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) তোপখানা রোডের ডিসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
দুপুর আড়াইটায় শুরু হওয়া অনুষ্ঠানটি সন্ধ্যা পর্যন্ত চলে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি বলেন, ছাত্রজীবনে সততা ও যোগ্যতা আবশ্যক। ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী সফল হতে পারে না, সততা, নৈতিকতা ও দায়িত্ববোধও প্রয়োজন।
মাওলানা আফেন্দী আরও বলেন, একজন শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা তখনই সমাজ ও দেশের জন্য কল্যাণকর হয়ে ওঠে, যখন এর সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় থাকে। তাই শিক্ষার্থীদের চরিত্র গঠন ও দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে।
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জমিয়তের আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী ও শিহাব উদ্দিন যৌথভাবে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ছাত্র জমিয়তের পরিচিতিমূলক বই এবং জীবন গঠনে সহায়ক বিভিন্ন বই তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের খাবারও পরিবেশন করা হয়।
অনলাইন ডেক্স 














