রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে। তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন।
জাহিদ অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার দলীয়করণ করেছে এবং বিএনপি সরকারও একই পথে হাঁটছে। তিনি বলেন, সরকারকে জনগণের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে এবং শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না।
মানববন্ধনে বিজয়-২৪ হল সংসদের সহ-সভাপতি মো. রাসেল মিয়া বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় হাঁটছে এবং আমলাতন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করছে। তিনি চাকরি প্রত্যাশীদের ভেরিফিকেশন ও বাদ দেয়ার প্রক্রিয়াকে নিন্দনীয় বলে উল্লেখ করেন।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























