কুড়িগ্রামে সারের সংকট নিয়ে আন্দোলনকে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার চক্রান্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সারা দেশের যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে বিব্রত করার জন্য সারের সংকটের আন্দোলন করা হয়েছে।
সারের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় সার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন এবং সরকারের নজরদারি অব্যাহত থাকার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের দায়িত্ব। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি জানান, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় নির্বাচন শেষ হবে, তবে কোন ধাপে কোন নির্বাচন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
মীর শাহে আলম জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও কুড়িগ্রাম জেলা উন্নয়ন সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং সরকারি দপ্তরের চলমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
অনলাইন ডেক্স 
























