পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন ‘রোসাটম’ সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রোসাটম জানায়, রূপপুর প্রকল্পের দ্বিপক্ষীয় চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিশেষ কয়েকটি চালানের মাধ্যমে এই জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। অক্টোবর মাস থেকে সরবরাহ প্রক্রিয়া শুরু হয়ে ডিসেম্বরের শেষ নাগাদ তা সম্পন্ন হবে।
এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছায়। ওই সময় বিদ্যুৎকেন্দ্রটির আনুষ্ঠানিক ‘গ্র্যাজুয়েশন’ সম্পন্ন হয়েছিল।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে।
রোসাটমের প্রকৌশল বিভাগ প্রকল্পটির মূল নকশাকার ও প্রধান ঠিকাদার হিসেবে নির্মাণকাজের দায়িত্ব পালন করছে।
অনলাইন ডেক্স 
























