প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে। তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক রোপনকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারকে বিরোধী দল প্রতিদিন ন্যায্য ও অন্যায্য সমালোচনা করছে। তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদকে কার্যকরী করার মাধ্যমে রাজপথের নৈরাজ্য রোধ করা সম্ভব হবে।
তিনি দেশের পুলিশ প্রশাসনকে জনগণের সেবক হিসেবে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান। স্বপন বলেন, বিগত সরকারের সময়ে পুলিশকে রাজনৈতিক বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এর ফলে পুলিশের মানহানি হয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের আমলাতন্ত্রকে নিরপেক্ষ করার চেষ্টা চলছে। তিনি ব্যাংকিং খাতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানান।
তিনি খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য খাল খননের মাধ্যমে জমিতে পানি পৌঁছানোর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















