পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী দিয়ে ক্লাস নেওয়া এবং প্রধান শিক্ষকের খেয়ালখুশিমতো ছুটি কাটানোর অভিযোগের পর উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা এক অফিস আদেশে উপজেলা আইসিটি অফিসার মো. ইলিয়াজ হোসেনকে সরেজমিন তদন্তের দায়িত্ব দেন। তদন্তের প্রতিবেদন আগামী সাত কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ১৩ সেপ্টেম্বর বার্তা বাজার অনলাইন পত্রিকায় ‘শিক্ষক থাকা সত্ত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী গোপাল চন্দ্র রায়’ এবং ১৪ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বর অনলাইন পত্রিকায় ‘সোনাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম খেয়ালখুশির ছুটি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সোনাহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক কর্মরত থাকার পরও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গোপাল চন্দ্র রায় নিয়মিত ক্লাস নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষক রফিকুল আলম কর্তৃপক্ষকে না জানিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগও রয়েছে।
অনলাইন ডেক্স 























