নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 'ডেঙ্গু প্রতিরোধে করব কাজ, সচেতনতায় গড়ব সমাজ' স্লোগানকে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাঞ্চন বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সংগঠনের উপদেষ্টা মফিকুল ইসলাম খান, সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালিটি কাঞ্চন দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে কাঞ্চন উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
তারা আরও বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। ডেঙ্গুকে ভয় না পেয়ে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর বিস্তার রোধ করতে হবে।
অনলাইন ডেক্স 























