রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ১টার দিকে তাদের কর্মসূচি শেষ করে চলে যান। তবে, দুই পক্ষই আগামীকাল (সোমবার) আবারও অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন।
কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংক পাড়ায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের কর্মসূচি শুরু হয়। সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখার, সুশাসন নিশ্চিত করার ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিক্ষোভ করেন। অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নেন।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, যে কোনো আন্দোলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে দুটি পক্ষের কর্মসূচি চলছে এবং চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে ব্যাংকের ভেতরে গেছে।
ডিসি হারুন আরও বলেন, বিপুলসংখ্যক মানুষের জমায়েত হলে অতিরিক্ত বিশৃঙ্খলা ও হতাহতের আশঙ্কা থাকে, তাই পুলিশ এ ধরনের জমায়েত নিরুৎসাহিত করছে। ইসলামী ব্যাংক কেন্দ্রিক এ আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক ঘটনার সংযোগের তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
অনলাইন ডেক্স 
























