জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে দুর্নীতি ও জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দোষী পালায়, অপরাধী পালায়, চোর পালায়, লুটেরা পালায়। কোনো সৎ মানুষ পালায় না। সৎ মানুষ দেশে থাকে।’
শফিকুর রহমান অভিযোগ করেন যে, দেশে দুর্নীতির মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘জ্বালানি সংকটের কারণে কোনো কোনো শিল্প কারখানার উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত নেমে এসেছে।’
তিনি আরও বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্পের উৎপাদন আরও কমতে থাকলে মালিকদের পক্ষে ব্যাংকঋণ পরিশোধ, কারখানা চালু রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।’
শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানান যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ‘দুর্নীতিতে লাগাম টানা না গেলে সরকারের কোনো পরিকল্পনাই সফল হবে না।’
তিনি ভারতের সঙ্গে সুসম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা ভারতের অবদান অস্বীকার করি না। কিন্তু খুনিদের রাজনৈতিক অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়ায় আমরা ব্যথিত ও দুঃখিত।’
অনলাইন ডেক্স 
























