সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে, তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।
জানা গেছে, নিহতরা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় প্রাণ হারান।
নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন নিহতদের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়েছেন।
এটি উল্লেখযোগ্য যে, চলতি বছরের জুন মাসে কাতারে একটি সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়। সেই শোক কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে আরও একজন কানাইঘাট প্রবাসীর মৃত্যু ঘটে।
অনলাইন ডেক্স 





















