অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন, সরকারের ভেতরে কারা আওয়ামী লীগের ‘সফট পাওয়ার’কে জায়গা দিচ্ছে এবং তাদের ক্ষমতায়ন করছে, তা খতিয়ে দেখতে। তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ আহ্বান জানান।
ফারুকী তার পোস্টে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনাও উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে-বিদেশে ‘জঙ্গি আচরণ’ চালিয়ে যাচ্ছে এবং গণহত্যার সঙ্গে জড়িতদের পুনর্বাসনের পক্ষে যারা লেখালেখি করেছেন, তাদেরও দায় নিতে হবে।
তিনি বলেন, গণহত্যার ‘সম্মতি উৎপাদনকারী’দের টেলিভিশনে সুযোগ দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ ও অন্য রাজনৈতিক পক্ষকে একই পাল্লায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ফারুকী আরও মন্তব্য করেন, জুলাইয়ের আন্দোলনের পক্ষের শক্তিগুলোর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই পরিস্থিতিকে জটিল করেছে।
ফারুকী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, ‘আপনি চাইলে একটু খোঁজ নিয়ে দেখেন, সরকারের ভেতরে বসে কারা ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে।’ তিনি সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ‘কালচারাল লীগ’ ও ‘মিডিয়া লীগ’-এর পরিকল্পনা সম্পর্কে অবগত কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।
এছাড়া, বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে ফারুকী বলেন, ‘মনোবল হারাবেন না, বাঁধন।’ বাঁধন ইতালিতে হামলার শিকার হন এবং তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তার রাজনৈতিক অবস্থানের কারণে এ ঘটনা ঘটিয়েছে।
অনলাইন ডেক্স 

























