বরগুনার বেতাগীতে একটি বসতঘর থেকে লাবনী (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবনী ওই গ্রামের মো. রমজান খানের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা লাবনীকে রমজানের দোতলা টিনশেড ঘরের খুঁটির সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অনলাইন ডেক্স 
























