যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন কল সেন্টার চালু করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের কনস্যুলার সেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান করা হবে। প্রবাসীরা ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরে যোগাযোগ করে সেবা নিতে পারবেন।
১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কল সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউইয়র্কের কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যের প্রবাসীরা এখন থেকে কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা সহজেই পেতে পারবেন।
কল সেন্টারটি পরিচালনার জন্য প্রযুক্তি-সচেতন তরুণদের একটি দল নিয়োগ করা হয়েছে। তারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকবে।
সপ্তাহের সাত দিন, প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কল সেন্টারটি খোলা থাকবে। ফোন সংযোগ না পেলে প্রবাসীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন, এবং সংশ্লিষ্ট এজেন্টরা পরবর্তীতে যোগাযোগ করবেন।
এই কল সেন্টার চালুর ফলে নিউইয়র্ক কনস্যুলেট এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























