গাইবান্ধায় জাল জন্মসনদ তৈরি করে প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগে আইনজীবী, মুহুরি ও এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও মো. হকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ রয়েছে, আসামিদের কারামুক্ত করতে এক আইনজীবীর পরামর্শে জাল জন্মসনদ তৈরি করা হয়।
জানা যায়, গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হ্যাকারসহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের জামিন করাতে আইনজীবী শেফাউল ইসলাম রিপন প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু হিসেবে প্রমাণ করেন।
এছাড়া, আসামিদের কাছ থেকে টাকা নিয়ে আদালতের নথি গায়েব ও কাটাকাটির অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে অন্যান্য আইনজীবীরা আদালতে জামিনের বিরোধিতা করেন।
গোবিদগঞ্জ আমলি আদালতের বিচারক এস এম গালিব হাসান তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেন। এরপর গাইবান্ধা শিশু আদালত-২-এর বিচারক মোহাম্মদ ইফতেখার বিন আজিজ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
গোবিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) স্বপন কুমার সরকার জানিয়েছেন, মামলার নথি এখনও তাদের কাছে আসেনি।
অনলাইন ডেক্স 






















