নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি জসীম মাতবরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসীম মাতবরকে স্থানীয়রা উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়।
জসীম মাতবর অভিযোগ করেছেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের সহযোগী হিসেবে পরিচিত শাহাদাৎসহ কয়েকজন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান। এরপর থেকে তারা তাকে অনুসরণ করছিলেন। হামলার সময় শাহাদাৎ তাকে জানান, এমপি আল আমিন ও জামায়াতের আমির আবদুল জব্বারের সহায়তায় তাদের গ্রেপ্তার করানো হয়েছে।
জসীম মাতবর বলেন, হামলাকারীরা তাকে উদ্দেশ্য করে ‘ডিসেম্বরে নেত্রী আসবো, তার আগেই তোরে মাইরা ফেলবো’ বলে মারধর করেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা সুইচ গিয়ার ও চাইনিজ কুড়াল দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
এ ঘটনায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 
























