জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান। তিনি বলেন, সরকারকে উৎখাতের উদ্দেশ্যে আন্দোলন করছেন না তারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। তিনি জানান, একটি পথসভা চলাকালীন অগ্রবর্তী একটি টিম পরবর্তী স্পটে চলে যাবে এবং সেখানে বক্তব্য দেওয়ার পর আবার পরবর্তী স্পটে চলে যাবে।
লং মার্চের প্রথম পথসভা চিটাগাং রোডের কাচপুর ব্রিজের পাশের ট্রাকস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে। এরপর পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নুরজান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, মহিপাল ও মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। পরে গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা করবে।
গোলাম পরওয়ার জানান, যানজট বা গাড়ির কারিগরি সমস্যার মতো স্বাভাবিক কিছু ব্যতিক্রম ছাড়া সন্ধ্যা ৭টার দিকে লালদীঘিতে পৌঁছানোর আশা করছেন তারা।
লং মার্চে অংশগ্রহণকারী প্রত্যেককে ডেলিগেট কার্ড দেওয়া হবে এবং প্রতিটি গাড়িতে স্টিকার ও নম্বর থাকবে। শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট ক্রমে গাড়িগুলো থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 

























