বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী এবং তার স্ত্রী নাজমা আরা বেগম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে জয়পুরহাট মোকামতলা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রী ঢাকা থেকে সরকারি গাড়িতে করে নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। তার সঙ্গে স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। দুর্ঘটনার সময় তাদের নিরাপত্তায় পুলিশের একটি গাড়ি ছিল।
গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর পর পুলিশের গাড়িটি আগে চলে যায়। এরপর ফিরোজা বেগম (৬০) নামের এক নারী পথচারী মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন, যা চালককে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে। গাড়িটি সড়কের পাশে ধানখেতে পড়ে যায়।
দুর্ঘটনায় ফিরোজা বেগমও আহত হন এবং তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 























