নিলামে বিক্রীত সম্পত্তির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এর ফলে নিলামে বিক্রিত সম্পত্তির ওপর ভ্যাট আদায়ের আইনি বাধ্যবাধকতা আর থাকছে না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রায়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রিট আবেদনে জানা যায়, একটি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান বন্ধকি ঋণ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক ঢাকার অর্থঋণ আদালতে অর্থঋণ মামলা দায়ের করে। পরে আদালত আইন, ২০০৩ এর ৩৩(১) ধারার অধীনে বন্ধকি সম্পত্তি নিলামে তোলার নির্দেশ দেয়।
নিলামে আবেদনকারীরা ২৪ কোটি টাকা মূল্যে সম্পত্তিটি কেনেন এবং সম্পূর্ণ অর্থ জমা দেন। তবে অর্থঋণ আদালত ওই জমা এবং পাউন্ডেজ ফি গ্রহণের পর নিলামমূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও স্ট্যাম্প ডিউটি জমা দেওয়ার নির্দেশ দেয়। নিলাম ক্রেতা ও ব্যাংক উভয়েই এই নির্দেশ চ্যালেঞ্জ করেন।
গত ৮ এপ্রিল হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। আদালত রুল জারি করে নিলাম ক্রেতাদের ওপর ভ্যাট জমা দেওয়ার নির্দেশ কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে বলেন। গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল ও সম্পূরক রুল উভয়ই চূড়ান্ত ঘোষণা করে রায় দেন।
রায়ে বলা হয়, নিলাম ক্রেতাদের নিলামমূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ আইনি কর্তৃত্ববহির্ভূত। আদালত আরও ঘোষণা করেন, বিতর্কিত এসআরও এর যে অংশে স্থাবর সম্পত্তির ক্রেতাকে পণ্যের নিলাম ক্রেতা অভিব্যক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই অংশও আইনি কার্যকারিতাহীন।
অনলাইন ডেক্স 
























