জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর অগসবার্গের একটি ট্রেন স্টেশনে বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর স্টেশন ভবন ও এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য লাইনে ট্রেন চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে।
অগসবার্গ পুলিশ মুখপাত্রের বরাতে দৈনিক বিল্ড জানায়, বিস্ফোরণের ফলে স্টেশনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় গণপরিবহন ব্যাহত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে বাভারিয়ান স্টেট ক্রিমিনাল পুলিশ অফিসের বিস্ফোরক বিশেষজ্ঞরা তদন্ত চালাচ্ছেন।
এদিকে, জার্মানির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের কোলোনের কাছে বার্গহাইমের রাইডট এলাকায় আমপ্রিয়ন বিদ্যুৎ সাবস্টেশনে নাশকতামূলক হামলার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ মুখপাত্রের মতে, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপরাধমূলক কর্মকাণ্ড।
আমপ্রিয়ন বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারে ঘটে যাওয়া এই ঘটনায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটলেও সার্বিক বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে ব্রান্ডেনবার্গের নাশকতার কোনো সংযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ব্রান্ডেনবার্গের ইয়েনশভাল্ডে বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি অতিরিক্ত উচ্চ-ভোল্টেজ লাইনে নাশকতার ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ান রেডম্যান জানান, আতশবাজি বা প্রজেক্টাইল জাতীয় যন্ত্র ব্যবহার করে শর্ট সার্কিট ঘটানো হয়েছিল, যার ফলে সঞ্চালন লাইন সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অনলাইন ডেক্স 

























