সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত জামিল হাসান শিষ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। তিনি ২২ আগস্ট থেকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অধীন জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে জামিল হাসান গলায় ফাঁস দেন। বিষয়টি জানাজানি হলে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ৪৮ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 






















