সুপ্রীম কোর্টের আইনজীবী আসলাম মিয়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব এবং তাদের নিয়োগের সাংবিধানিক বৈধতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়।
আইনজীবী আসলাম মিয়া জানিয়েছেন, সাত দিনের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি হাইকোর্টে রিটসহ প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাইবেন। নোটিশে সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব ও শপথের বিষয়গুলো যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নাগরিক এবং ২৫ বছর বয়সি ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য। বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা দেখা দিতে পারে।
আইনজীবী আসলাম মিয়া জানান, এটি কোনো চূড়ান্ত অভিযোগ নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নাগরিকত্ব ও সাংবিধানিক যোগ্যতা যাচাই করার উদ্দেশ্যে এই নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে বিষয়টির নিষ্পত্তি না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
অনলাইন ডেক্স 






















