কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের গোড়াদিঘা গ্রামে সম্প্রতি স্যানিটারি ন্যাপকিনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। এই গ্রামে নারীরা দীর্ঘদিন ধরে স্যানিটারি ন্যাপকিনের নামই জানতেন না, ফলে তারা পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করতেন। এর ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগতে হতো তাদের।
সান কমিউনিকেশনস লিমিটেডের উদ্যোগে এবং ওএনজেড সলিউশনস-এর সহযোগিতায় ‘নিরাপদ পিরিয়ড, সবার অধিকার’ শীর্ষক একটি প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় গ্রামে বিশেষ আনন্দ মেলার আয়োজন করা হয়, যেখানে নারীদের নিরাপদ পিরিয়ড সম্পর্কে সচেতন করা হয়।
মেলায় নারীদের জন্য বিশেষ নৌকার ব্যবস্থা করা হয়, যেখানে তারা পিরিয়ড সংক্রান্ত ডাক্তারি পরামর্শ গ্রহণ করতে পারেন। এছাড়া, তিন মাসের ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। স্থানীয় ফার্মেসির কর্মীদেরও পিরিয়ড ও স্যানিটারি ন্যাপকিনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল মোতালিব জানান, আগে নারীরা সচেতন ছিলেন না, তবে এখন তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে শুরু করেছেন। বর্তমানে প্রায় ৬০-৭০% মেয়েরা স্যানিটারি প্যাড ব্যবহার করছেন।
পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, সচেতনতার ফলে বিভিন্ন জটিল রোগের প্রকোপ কমে এসেছে গোড়াদিঘায়। এই উদ্যোগের মাধ্যমে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
অনলাইন ডেক্স 

























