যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও লেবার পার্টির সাবেক নেতা কিয়ার স্টারমার প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ছয় সপ্তাহ পর এমপি পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সিদ্ধান্তের কথা জানান।
লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনের এমপি পদ ছাড়ার মাধ্যমে স্টারমারের ১১ বছরের সংসদীয় ক্যারিয়ার শেষ হলো। তিনি ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলেন, গ্রীষ্মের অবকাশকালীন সময়ে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে চিন্তা করার সুযোগ পেয়েছেন এবং সংসদীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য এটি উপযুক্ত সময় বলে মনে করেন।
স্টারমার জানান, তিনি রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছেন না। ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিরক্ষা, বৈশ্বিক নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তি খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন।
তিনি ২০১৫ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০২০ সালের ৪ এপ্রিল লেবার পার্টির নেতৃত্ব গ্রহণের পর ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।
স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ২২ জুন, ২০২৬ সালের স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনের ফলাফল এবং দলের অভ্যন্তরীণ চাপের মুখে। তার পদত্যাগের পর অ্যান্ডি বার্নহাম নতুন দলনেতা নির্বাচিত হন।
অনলাইন ডেক্স 
























