২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদের একটি স্বীকারোক্তি বাতিল করেছেন মার্কিন সামরিক আদালতের বিচারক। শুক্রবার (২৮ আগস্ট) এই সিদ্ধান্তটি মার্কিন সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে ফেডারেল তদন্তকারীদের কাছে খালিদ শেখ মোহাম্মদের দেওয়া বক্তব্য স্বেচ্ছায় দেওয়া হয়নি বলে রায় দিয়েছেন বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল শ্রামা। বিচারক উল্লেখ করেছেন, খালিদ শেখ মোহাম্মদ এফবিআই কর্মকর্তাদের ‘চরম জবরদস্তির’ শিকার হয়েছিলেন।
বিচারকের রায়ে বলা হয়েছে, খালিদ শেখ মোহাম্মদের এফবিআইকে দেওয়া বক্তব্য স্বেচ্ছায় দেওয়া হয়েছিল এমনটি প্রমাণ করতে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। এর আগে বিচারক খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরুর জন্য ২০২৮ সালের জুন মাস নির্ধারণ করেছিলেন।
মামলার প্রধান সামরিক কৌঁসুলি রিয়ার অ্যাডমিরাল অ্যারন সি. রাগ জানিয়েছেন, তারা বিচারকের রায় পর্যালোচনা করবেন এবং শিগগিরই এর বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আপিল হলে মামলাটি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
২০০৩ সালে গ্রেপ্তারের পর খালিদ শেখ মোহাম্মদ ও অন্য অভিযুক্তদের গোপন সিআইএ কারাগারে নির্যাতনের মাধ্যমে পাওয়া তথ্য ব্যবহার না করার বিষয়ে মার্কিন কৌঁসুলিরা সম্মত হন। ৯/১১ হামলায় নিহতদের স্বজনেরা দীর্ঘদিন ধরে অভিযুক্তদের বিচার শুরুর দাবি জানিয়ে আসছেন।
অনলাইন ডেক্স 
























