রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন (৪৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন। তিনি ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছিলেন। গতরাতে তিনি গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন এবং রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রনজিনা রিকশা থেকে রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ডিসি ইবনে মিজান বলেন, ‘আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।’
অনলাইন ডেক্স 






















