বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অন্য মাছ ধরার ট্রলারের সহায়তায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
ডুবে যাওয়া ট্রলারের মালিক মো. আশ্রাফ মিয়া ও মাঝি বাদল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। বাদল মোল্লা জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো পাথরঘাটায় তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। নিহত পাঁচ জেলের মধ্যে রয়েছেন নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। আট জেলে প্রায় চার ঘণ্টা সাগরে ভেসে ছিলেন, পরে অন্য একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। ট্রলারটি উল্টে যাওয়ার পর তিনি আরও সাত জেলের সঙ্গে সাগরে ভেসে ছিলেন। নিখোঁজ পাঁচ জেলের সন্ধান পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পাওয়ার পর বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর পর মঙ্গলবার পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। মরদেহগুলো উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেক্স 























