যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান পুরোপুরি ধসে পড়ছে। সোমবার (২৪ আগস্ট) তিনি এই মন্তব্য করেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে।
ট্রাম্পের পোস্টে উল্লেখ করা হয়েছে, ইরান পুরোপুরি ধসে পড়ছে, তবে তিনি এ দাবির বিস্তারিত ব্যাখ্যা দেননি। এর আগে তিনি ইরানের অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন।
একদিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অর্থনৈতিক ডি-ডে’ শুরু করতে যাচ্ছে। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে।
বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রায় ১০০ শতাংশ সামরিক কারখানা ধ্বংস করেছেন এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে মাটিচাপা দিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, তাদের কোনো অর্থ নেই, নৌবাহিনী নেই এবং সেনাদের বেতন দিচ্ছে না। তিনি দাবি করেন, দক্ষিণ ইরানের আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।
গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, তবে পরবর্তীতে মতবিরোধের কারণে তা বাস্তবায়িত হয়নি। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়।
অনলাইন ডেক্স 
























