সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আগামী ২৬-২৭ আগস্ট আয়োজিত ওরস বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও থানায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘তৌহিদি জনতার’ ব্যানারে স্থানীয় রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠনগুলোর নেতারা এ কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন।
বিক্ষোভের অংশ হিসেবে তারা ইসলামবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে উপজেলা প্রশাসন ও সাভার থানায় স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে ১০ জন ব্যক্তি ওরস বন্ধের দাবি জানিয়ে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে হেফাজতে ইসলামের, বিএনপির, যুবদলের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের, জমিয়তে উলামায়ে ইসলামের এবং জামায়াতে ইসলামীর নেতারা রয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জাবের আল জাহাঙ্গীরের বিরুদ্ধে আল্লাহ, রাসুল ও পীরের মধ্যে পার্থক্য নেই- এমন বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। তারা দাবি করেছেন, এসব বক্তব্য মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে। এ অবস্থায় আগামী ২৫ থেকে ২৭ আগস্ট অনুষ্ঠেয় ওরস বন্ধের দাবি জানানো হয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এদিকে, কাজী জাবের আল জাহাঙ্গীর এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে ধর্মীয় বিষয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা। তিনি বলেন, তার বাড়িতে প্রায় ১৯ বছর ধরে ঘরোয়াভাবে ওরস হয়ে আসছে এবং এবারের অনুষ্ঠানেও বাইরে কোনও প্যান্ডেল বা মাইক ব্যবহার করা হবে না।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেন, ইসলামের নামে অপব্যাখ্যা করা হচ্ছে এবং এর ফলে এলাকায় বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তিনি আইনের মাধ্যমে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
অনলাইন ডেক্স 






















