চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশের প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তারিখে ফল প্রকাশ করতে চায়, যদি শিক্ষা মন্ত্রণালয় সায় দেয়।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (২০ আগস্ট) জানান, ১০ সেপ্টেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এই ফলের তারিখ চূড়ান্ত হবে।
চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনঃনিরীক্ষণ চেয়েছেন।
এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হবে, যার মধ্যে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্র অন্তর্ভুক্ত।
গত ১০ অগাস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ফল প্রকাশের পরদিন থেকে ১৭ অগাস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ ছিল পরীক্ষার্থীদের।
অনলাইন ডেক্স 
























